বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

এক দিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বইছে ঠান্ডা বাতাস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৯:৪২ এএম

এক দিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বইছে ঠান্ডা বাতাস

ছবি - সংগৃহীত

হেমন্তের মাঝামাঝিতেই দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত। মাত্র একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় পুরো জেলা জুড়ে এখন শীতের স্পষ্ট আমেজ। ভোরের আকাশ ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে, আর হিমালয় থেকে আসা হালকা ঠান্ডা বাতাসে স্থানীয়রা ব্যবহার করতে শুরু করেছেন হালকা গরম কাপড়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার যা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

ঘন কুয়াশার কারণে সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই সন্ধ্যায় ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছিল, তবে আজকের মতো এত শীত আগে বোঝা যায়নি। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় অনেকেই আলমারি থেকে পাতলা কাঁথা ও গরম কাপড় বের করেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “মৌসুমী বায়ু বিদায় নেওয়ায় এবং উত্তরের বাতাস সক্রিয় হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। এখন থেকে এই অঞ্চলে দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রতিদিনই একটু একটু করে কমতে থাকবে, যা শীত ঋতুর স্পষ্ট আগমনী বার্তা।”