অক্টোবর ১৪, ২০২৫, ১২:৩১ পিএম
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও দেশের বিভিন্ন স্থানে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের অন্তত ২৯টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে প্রকাশিত এক পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, এই সময়ে দেশের উপকূলীয় এবং পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, কক্সবাজার ও বান্দরবান জেলায় তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ মোট ২৯টি জেলায় এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই বৃষ্টিপাত সব এলাকায় একযোগে হবে না, বরং জেলার বিভিন্ন অংশে থেমে থেমে বা বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা বিদায়ের এই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কক্সবাজার ও বান্দরবান এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন