অক্টোবর ১৮, ২০২৫, ১১:১৪ পিএম
দেশের আবহাওয়া শুষ্ক থাকার প্রবণতার মধ্যেই আবারও বৃষ্টির আভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।শনিবার (১৮ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার (২০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে অন্যান্য বিভাগে আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ লঘুচাপটি সৃষ্টি হলেও সেদিন সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে, বুধবার (২২ অক্টোবর) থেকে লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন