অক্টোবর ২৭, ২০২৫, ০৯:১৯ এএম
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘মোন্থা’। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের সমুদ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। তিনি জানান, আমেরিকার নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বর্তমানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার। এটি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে বুধবার (২৯ অক্টোবর) সকালের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে।
বাংলাদেশে প্রভাব: ঘূর্ণিঝড় ‘মোন্থা’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে এর প্রভাবে আজ সোমবার থেকেই দেশের আকাশে মেঘের উপস্থিতি বাড়তে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে।
আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে।
জেলেদের জন্য সতর্কতা: ঘূর্ণিঝড়টির প্রভাবে আজ সোমবার থেকেই খুলনা বিভাগের উপকূলীয় এলাকার সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সব নৌকা ও ট্রলারকে আজকেই নিরাপদে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন