রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে মাঠেই বিক্রি হচ্ছে নতুন আলু ৬৮ টাকা কেজিতে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪১ পিএম

দিনাজপুরে মাঠেই বিক্রি হচ্ছে নতুন আলু ৬৮ টাকা কেজিতে

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে আগাম জাতের নতুন আলু উত্তোলন শুরু হয়েছে। মৌসুমের শুরুতে উৎপাদিত নতুন আলু ক্ষেত থেকেই প্রকারভেদে ৬২ থেকে ৬৮ টাকা কেজি হিসেবে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা। তবে গত বছরের তুলনায় এবার দাম কম পাওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগে ফলন কম হওয়ায় কৃষকরা লাভ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান জানান, এবার দিনাজপুরে মোট ৪৮ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যার মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে।

আবহাওয়ার কারণে এ বছর মৌসুমের শুরুতেই বৃষ্টির পানি জমে আগাম আলুর কিছুটা ক্ষতি হয়েছে।ক্ষেত থেকে পাইকারি দর:বর্তমানে জমি থেকেই নতুন আলু বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬২ থেকে ৬৫ টাকা কেজি দরে।

সদর উপজেলার আলু চাষি জুয়েল ইসলাম জানান, তাঁর আলু ক্ষেত থেকেই ৬৮ টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে।ফুলবাড়ী উপজেলার আলু চাষি আমিনুল ইসলাম জানান, তাঁর ক্যারেজ জাতের আলু ৫৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।শহরের খুচরা বাজার দর:শহরের বাহাদুর বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, বর্তমানে নতুন আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই আলু সাত দিন আগেও বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।কৃষকরা বলছেন, এবার বীজ আলুর দাম কম থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর ফলন ভালো হয়নি।

ফুলবাড়ী উপজেলার আমিনুল ইসলাম জানান, "গতবারের তুলনায় এবার দামও কম, তাই খুব বেশি লাভ হবে না, ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে।"কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান জানান, এখন যে আগাম জাতের নতুন আলু পাওয়া যাচ্ছে, তা পরিপক্ব নয়। তবে ১৫ ডিসেম্বরের পর প্রায় সব আগাম আলু উত্তোলনের উপযোগী হয়ে যাবে। কৃষকরা আগাম আলু তোলার পর ওই জমিতে ভুট্টা রোপণ করেন, এতে জমির উর্বরতাও বৃদ্ধি পায়।এদিকে আলু উত্তোলন শুরু হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে এলাকার কৃষকের জমি থেকেই আলু ক্রয় করে ট্রাকে লোড করে বিভিন্ন শহরে নিয়ে যাচ্ছেন।