রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শরিষার হলুদে রঙিন বীরগঞ্জ: মাঠজুড়ে সোনালি সৌন্দর্য কৃষককের মুখে হাসি

মো. আরিফ ইসলাম

জানুয়ারি ৮, ২০২৬, ০৪:০৭ পিএম

শরিষার হলুদে রঙিন বীরগঞ্জ: মাঠজুড়ে সোনালি সৌন্দর্য  কৃষককের মুখে হাসি

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এ বছর ব্যাপকভাবে সরিষা চাষ হয়েছে। মাঠের পর মাঠ এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। উত্তরের হিমেল হাওয়ায় দোল খাওয়া এই সোনালি সৌন্দর্য একদিকে যেমন প্রকৃতিকে নয়নাভিরাম করেছে অন্যদিকে কৃষকের মনে জাগিয়েছে নতুন আশার আলো।

আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের নোখাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় কৃষক মতিয়ার রহমানের সরিষা ক্ষেত এখন হলুদ চাদরে ঢাকা।

শুধু নিজপাড়া নয় শতগ্রাম সুজালপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার মাঠে মাঠে এখন সরিষা ফুলের মৌমাছির গুঞ্জন। ভোরের কুয়াশা ভেজা ফুল আর রোদে ঝলমলে ক্ষেত সব মিলিয়ে তৈরি হয়েছে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। যা পথচারী ও শিক্ষার্থীদেরও মুগ্ধ করছে।

কৃষক মতিয়ার রহমান জানান তিনি ১২৫ শতাংশ জমিতে টুরি-৭ জাতের সরিষা আবাদ করেছেন। সময়মতো বৃষ্টি ও পর্যাপ্ত রোদ পাওয়ায় গাছের বৃদ্ধি বেশ ভালো হয়েছে। বাজারে সরিষার তেলের ভালো চাহিদা থাকায় এবার ন্যায্যমূল্য পাবেন বলে তিনি আশাবাদী। তবে ফসল তোলার সময় আবহাওয়া বৈরী হলে ক্ষতির কিছুটা আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয় চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন এ বছর বীরগঞ্জে সরিষার ফলন ভালো হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না এলে এবার বীরগঞ্জ থেকে সরিষার রেকর্ড উৎপাদন হবে যা স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।