এপ্রিল ৭, ২০২৬, ০৫:৪৮ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে কৃষির আধুনিকায়ন, পুষ্টি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে টেকসই করার লক্ষ্যে পরিচালিত ‘পার্টনার ফিল্ড স্কুল’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সাইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম। বক্তারা তাদের বক্তব্যে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুষম সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মানসম্পন্ন বীজের ব্যবহার ও কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমেই দেশকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করা সম্ভব।
গ্রামীণ কৃষকদের দক্ষতা বাড়িয়ে তাদের বীজ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পার্টনার প্রকল্প কাজ করে যাচ্ছে।১০ সপ্তাহ ব্যাপী এই বিশেষ প্রশিক্ষণে এলাকার ২৫ জন কৃষক ও কৃষাণিকে সরাসরি হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ নিরাপদ ফসল উৎপাদন এবং জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী কৃষকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
প্রশিক্ষণ গ্রহণকারী কৃষকরা জানান, এই ধরনের হাতে-কলমে শিক্ষার ফলে তারা এখন অনেক বেশি সচেতন। বিশেষ করে বিষমুক্ত সবজি উৎপাদন ও প্রতিকূল আবহাওয়াতেও ফসল রক্ষার আধুনিক কৌশলগুলো তাদের চাষাবাদে নতুন মাত্রা যোগ করবে। সমাপনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আরও স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন