জুলাই ১৫, ২০২৬, ০৩:০১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুরোদমে শুরু হয়েছে আমন ধান রোপণের কাজ। বর্ষা মৌসুমের এই সময়ে মাঠে মাঠে চারা রোপণে চরম ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষিজমিতে চলছে তাদের নিরলস পরিশ্রম।বুধবার সকালে উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে দেখা যায়, পরিবারের সদস্য ও শ্রমিকদের নিয়ে পানিতে নেমে সারিবদ্ধভাবে বীজতলা থেকে চারা সংগ্রহ করে রোপণ করছেন কৃষকরা।
আবহাওয়া অনুকূলে থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর আবাদের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এই উপজেলায় ২৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম জানান, সময়মতো চারা রোপণ করতে পারলে ভালো ফলনের আশা থাকে। তাই বৃষ্টির তোয়াক্কা না করেই তারা কাজ এগিয়ে নিচ্ছেন। পর্যাপ্ত বৃষ্টি ও অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এ বছর আমনের বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদানের জন্য মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত কাজ করছেন। উন্নত জাতের ধান চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন পাওয়া যাবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ আমন চারার সমারোহ নতুন এক সম্ভাবনাময় ফসলের মৌসুমের জানান দিচ্ছে। কৃষকদের নিরলস শ্রম আর কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় এবারও ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন