রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার:কৃষিমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০১:৪৪ পিএম

নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার:কৃষিমন্ত্রী

ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন হ্রাসের আশঙ্কা মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে গবেষণাভিত্তিক কৃষি উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী মৌসুমে হাওর অঞ্চলের জন্য ব্রি ধান-১১৮ অবমুক্ত করা হবে। শনিবার কুমিল্লা সার্কিট হাউসে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা জানান।উৎপাদন বাড়বে।

শীত সহনশীল এই জাতের ধান আগাম রোপণ ও আগাম কর্তনের সুযোগ সৃষ্টি করবে বলে জানান মন্ত্রী। ফলে আকস্মিক বন্যার আগেই কৃষকরা ফসল ঘরে তুলতে পারবেন এবং ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এছাড়া আগামী বছর লবণাক্ততা সহনশীল নতুন আরেকটি ধানের জাত অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

মাছ রপ্তানি ও বিপণন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কুমিল্লা অঞ্চলে মাছের ল্যান্ডিং স্টেশন স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে। প্রাণিসম্পদ খাতের ভ্যাকসিন উৎপাদন বাড়াতে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

খাল পুনঃখনন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত উপজেলাগুলোতে গবাদিপশুর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।