বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধানের ক্ষতিকর রোগ দমনে বীরগঞ্জে সচেতনতা কার্যক্রম

জাহিদ হাসান

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৬:২১ পিএম

ধানের ক্ষতিকর রোগ দমনে বীরগঞ্জে সচেতনতা কার্যক্রম

ছবি: দিনাজপুর টিভি

ধানের ক্ষতিকর রোগ ও পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করে তা কার্যকরভাবে দমনে কৃষকদের সচেতন করতে মাঠে নেমেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কেন্নাকান্দর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কর্মকর্তারা সরাসরি কৃষকদের খেত পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় কারিগরি দিকনির্দেশনা তুলে ধরেন।

ফসলের সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে ধানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিকর রোগ ও পোকা চেনার উপায় এবং তা প্রতিরোধের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেন কৃষিবিদ মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ধান উৎপাদন নির্বিঘ্ন রাখতে সময়মতো রোগ ও পোকার আক্রমণ শনাক্ত করা অত্যন্ত জরুরি। কৃষকদের নিয়মিত খেত পরিদর্শন করতে হবে এবং কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত কৃষি বিভাগের পরামর্শ নিতে হবে। কৃষকদের ঘামঝরা পরিশ্রমে উৎপাদিত ফসলের সুরক্ষা নিশ্চিত করতে মাঠের কর্মকর্তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।

সরাসরি মাঠে এসে এমন সহায়তা দেওয়ায় নিজেদের সুবিধার কথা জানান স্থানীয় চাষিরা। সুজালপুর ইউনিয়নের কৃষক পিয়ারুল ইসলাম জানান, সঠিক তথ্যের অভাবে অনেক সময় পোকা বা রোগের লক্ষণ দেখলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। কৃষি কর্মকর্তারা মাঠে এসে সরাসরি খেত দেখে রোগ শনাক্ত করার পাশাপাশি দমনের উপায় শিখিয়ে দেওয়ায় চাষিরা সরাসরি উপকৃত হচ্ছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো. রকিবুল হাসান প্রমানিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বারী এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সন্জিত কুমার পাল, বিপাশা আক্তার ও সুবর্না মুস্তারী। কর্মকর্তারা জানান, নিরাপদ ফসল উৎপাদন ও ফলন বাড়াতে কৃষকদের সার্বিক কারিগরি পরামর্শ দিতে তাদের সব পর্যায়ের কর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।