বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
কৃষি সাফল্য

রক মেলন চাষে চুয়াডাঙ্গার দুই তরুণের সাফল্য, বিক্রি চার লাখ টাকা

কৃষি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ১২:১৭ পিএম

রক মেলন চাষে চুয়াডাঙ্গার দুই তরুণের সাফল্য, বিক্রি চার লাখ টাকা

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ফল রক মেলন বা সাম্মাম চাষ করে অভাবনীয় সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই তরুণ উদ্যোক্তা জসিম হোসেন ও রাজিব হাসান। দেড় বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করা এই চাষে মাত্র তিন মাসেই তারা পেয়েছেন ব্যাপক ফলন।

চলতি বছরের জুন মাসে নতুন কিছু করার স্বপ্ন থেকে তারা এই উদ্যোগ নেন। দেড় বিঘা জমিতে তাদের খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এর বিপরীতে এরই মধ্যে চার লাখ টাকার ফল বিক্রি করেছেন এই দুই তরুণ। সামনে আরও প্রায় তিন লাখ টাকার ফল বিক্রির প্রত্যাশা করছেন তারা। গাছ লাগানোর মাত্র ৩০ দিনের মধ্যে ফুল আসে।

পরাগায়নের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফল ধরতে শুরু করে এবং সেপ্টেম্বরের শুরুতেই পাকতে শুরু করে এই বিদেশি ফল। প্রতি বিঘায় ফলন আসছে প্রায় ৪০০ মণ। দুই বন্ধু মিলে ঢাকা সহ সারা দেশে অনলাইন মাধ্যমে ১০০ টাকা কেজি দরে এই ফল বিক্রি করছেন।

বিদেশি এই ফলটি অঞ্চলভেদে সুইট মেলন, মাস্ক মেলন কিংবা হানি ডিউ নামেও পরিচিত। জাতভেদে ফলের বাইরের অংশ কখনো সবুজ, আবার কখনো হলুদ রঙের হয়। রং ভিন্ন হলেও এই ফল অত্যন্ত মিষ্টি ও রসালো। কৃষি বিভাগের তথ্যমতে, জীবননগরে বর্তমানে প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমিতে রক মেলনের চাষ হচ্ছে।

আধুনিক প্রযুক্তি ও সঠিক পদ্ধতি অনুসরণ করতে পারলে এটি অত্যন্ত লাভজনক ফসল হতে পারে বলে মনে করছে তারা। বাণিজ্যিকভাবে এই ফলের চাষ বাড়ানোর স্বপ্ন দেখছেন জসিম ও রাজিব।