রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কম খরচে লাখপতি হওয়ার উপায়? পথ দেখাচ্ছে আনারকলি চাষ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৩:৪১ পিএম

কম খরচে লাখপতি হওয়ার উপায়? পথ দেখাচ্ছে আনারকলি চাষ

ছবি - সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে বিদেশি ফল ‘আনারকলি’ চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান স্ট্যালিন। সমতল জমিতে বাণিজ্যিকভাবে এই ফলের চাষ করে তিনি দেখিয়েছেন নতুন সম্ভাবনার পথ। কম খরচে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা এই ফল বিক্রি করে মাত্র দুই শতক জমি থেকেই তিনি আয় করেছেন লাখ টাকার বেশি।

আনারকলি ফলটি বিদেশে ‘প্যাশন ফ্রুট’ এবং বাংলাদেশে ‘ট্যাং ফল’ নামেও পরিচিত। মৃদু টক-মিষ্টি স্বাদের এই ফলটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান স্ট্যালিন জানান, প্রায় ৬-৭ বছর আগে তিনি কৃষিকাজ শুরু করেন। গণমাধ্যম থেকে আনারকলি বা প্যাসন ফ্রুট চাষ সম্পর্কে জানতে পেরে তিনি পরীক্ষামূলকভাবে মাত্র দুই শতক জমিতে এর আবাদ শুরু করেন। গাছ লাগানোর দুই বছর পর তিনি অবিশ্বাস্য ফলন পান।

নিজের সফলতার কথা জানাতে গিয়ে স্ট্যালিন বলেন, প্রথমবার দুই শতক জমিতে ২০টি গাছ লাগিয়েছিলেন, যাতে প্রায় ১০ হাজার ফল ধরে। প্রতিটি ফল পাইকারি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করে তিনি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা আয় করেন, যেখানে তার মোট খরচ হয়েছিল মাত্র ১০ হাজার টাকা। এই অভাবনীয় সাফল্যের পর তিনি আর থেমে থাকেননি। লাভের টাকা দিয়ে বর্তমানে আড়াই বিঘা জমিতে আনারকলির বাগান গড়ে তুলেছেন, যেখানে প্রতিটি গাছে এখন প্রচুর ফল, ফুল আর কুঁড়ি শোভা পাচ্ছে।

স্ট্যালিন আরও জানান, বিঘাপ্রতি আনারকলি চাষে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হলেও ভালো ফলন হলে বছরে ১২ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। একটি গাছ থেকে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় আট মাস একাধারে ফল পাওয়া যায়। যখন তিনি প্রথম এই ফলের চাষ শুরু করেন, তখন অনেকেই তাকে নিয়ে উপহাস করত। কিন্তু এখন তার সাফল্য দেখে দূর-দূরান্ত থেকে অন্য উদ্যোক্তারাও তার বাগান দেখতে এবং চারা সংগ্রহ করতে আসছেন।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বাসসকে জানান, ঝিনাইদহের মাটি খুবই উর্বর এবং এখানকার কৃষকরাও পরিশ্রমী। মহেশপুরের স্ট্যালিন বিদেশি প্যাসন ফ্রুট চাষ করে যে সাফল্য পেয়েছেন তা সত্যিই অনন্য। তার এই উদ্যোগ অন্য তরুণদেরও স্বল্প বিনিয়োগে কৃষিকাজে এসে স্বাবলম্বী হতে উৎসাহিত করবে।