অক্টোবর ২৭, ২০২৫, ০৬:৫৬ পিএম
প্রকৃতিতে শীতের আমেজ এখনো পুরোপুরি না এলেও উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ের বাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। বাজারে ফুলকপি, বাঁধাকপি, লাউ, বরবটি, ঝিঙ্গা, মুলা এবং শসাসহ বিভিন্ন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে।
তবে সবজির দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কৃষকরা জানাচ্ছেন, এবার আলচা ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় সবজি উৎপাদনে খরচও বেড়েছে।
এর ফলে বাজারে সবজি বিক্রি করে তারা কাঙ্ক্ষিত মাত্রায় লাভবান হতে পারছেন না এবং লাভ কিছুটা কম হচ্ছে। একজন কৃষক জানান, বাজারে ক্রেতার উপস্থিতি ভালো এবং বেচাকেনাও মোটামুটি সন্তোষজনক।
তিনি বর্তমান বাজারদর তুলে ধরে বলেন, ফুলকপি প্রতি কেজি প্রায় ৩৫ টাকা, লাউ আকারভেদে ১২ থেকে ১৫ টাকা পিস, শসা ১২ থেকে ১৪ টাকা কেজি, করলা (কয়তা) ৮ থেকে ১০ টাকা কেজি, মুলা ৮ থেকে ১০ টাকা কেজি এবং বেগুন ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষকদের মতে, দাম মোটামুটি ভালো পাওয়া গেলেও তা যদি আরেকটু বেশি হতো এবং সরকারিভাবে বাজার মনিটরিং করা হতো, তাহলে তারা কিছুটা স্বস্তিতে থাকতেন ও বেশি লাভবান হতেন। অন্যদিকে, বাজারে আসা ক্রেতারা বলছেন, গত বছরের এই সময়ের তুলনায় এ বছর প্রতিটি সবজির দামই কিছুটা বেড়েছে। তারা উদাহরণ দিয়ে বলেন, গত বছর যে লাউ ১০ থেকে ১২ টাকায় কেনা যেত, এ বছর সেই লাউয়ের জন্য আকারভেদে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপিসহ অন্যান্য সবজির দামও গত বছরের তুলনায় কিছুটা বাড়তি বলে অভিযোগ করেন ক্রেতারা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন