অক্টোবর ২৮, ২০২৫, ০৬:৩৪ পিএম
এক অসহায় বর্গা চাষির স্বপ্ন রাতের আঁধারে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, ওই কৃষক প্রায় এক লাখ টাকা খরচ করে এক বিঘা জমি বর্গা নিয়ে 'কাঁয়তা' নামক সবজির আবাদ করেন। তিনি জানান, জমি তৈরি, বাঁশ, তার, সুতা এবং চারা কিনতেই তার সমস্ত টাকা খরচ হয়ে যায়, যার পুরোটাই তিনি ঋণ করে সংগ্রহ করেন।
এমনকি জমির মালিককে টাকা দেওয়ার জন্য তাকে বাড়িতে পোষা দুটি ছাগলও বিক্রি করে দিতে হয়েছে। গতকালই তিনি প্রথম সামান্য কিছু ফসল তুলেছিলেন এবং আশা করছিলেন পরদিন থেকেই পুরোদমে এক থেকে দেড় হাজার কেজি ফসল তুলতে পারবেন।
কিন্তু সকালে ফজরের নামাজ পড়ে খেতে এসে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা তার সবজি খেতের প্রতিটি গাছ কেটে ফেলেছে। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। একজন প্রতিবেশী জানান, ভুক্তভোগী কৃষক অত্যন্ত দরিদ্র এবং এই আবাদের ওপরই তার সব কিছু নির্ভর করছিল।
প্রায় এক বিঘা জমির এই ফসল নষ্ট হওয়ায় তিনি এখন সম্পূর্ণ দিশেহারা ও ঋণ পরিশোধের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় ইউনিয়ন কৃষি কর্মকর্তাকে জানানো হয়েছে এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী কৃষক ও তার প্রতিবেশীরা এই জঘন্য কাজের জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন এবং অসহায় কৃষককে সহায়তার জন্য সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন