সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:১৪ এএম
প্রেমের সম্পর্কের টানে বাংলাদেশে এসে দিনাজপুরের হাকিমপুরের এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক নাগরিক। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম ‘মোহাম্মদ আলী’ রাখা ৩৭ বছর বয়সী ওই চীনা নাগরিকের মূল নাম পংফং। তিনি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি পোশাক খাতের পণ্যের একজন আন্তর্জাতিক ক্রেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার বাসিন্দা রিয়াজুল হকের মেয়ে রাইসা আক্তার তারার সঙ্গে পংফংয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাইসা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
চাকরির সুবাদে ঢাকায় পংফংয়ের এক চাচার সঙ্গে তার প্রাথমিক পরিচয় হয়। একপর্যায়ে রাইসা চীনে গিয়ে স্থায়ীভাবে বৈবাহিক জীবন শুরু করার ইচ্ছার কথা জানান। এর সূত্র ধরেই ওই ব্যক্তি নিজ ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার যোগাযোগ করিয়ে দেন। মুঠোফোনে নিয়মিত বার্তা ও কথা চালাচালির মাধ্যমে একপর্যায়ে তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক তৈরি হয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছান পংফং।
ঢাকায় পৌঁছানোর পর তিনি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে গাজীপুর আদালতে যান এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর নিজের নতুন নাম রাখেন মোহাম্মদ আলী। এরপর রাষ্ট্রীয় ও ধর্মীয় রীতি মেনে রাইসা আক্তারকে বিয়ে করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে গত বৃহস্পতিবার রাতে নবদম্পতি হাকিমপুরের মাঠপাড়ায় রাইসার পৈতৃক বাড়িতে এসে পৌঁছান।
পংফংয়ের বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। বিয়ের বিষয়ে রাইসা আক্তার জানান, তিনি নিজে প্রস্তাব দিলে পংফং সানন্দে রাজি হন এবং বিয়ে করার উদ্দেশ্যেই বাংলাদেশে আসেন। গাজীপুর আদালতে ধর্ম পরিবর্তনের পর তাদের বিয়ে সম্পন্ন হয় এবং এই ঘটনায় পরিবার ও স্থানীয় মানুষজন অত্যন্ত আনন্দিত। রাইসার নানা বাদল মিয়া জানান, ঢাকায় তাদের পরিচয়ের পর পারস্পরিক পছন্দের ভিত্তিতেই এই আন্তর্জাতিক বিয়ে অনুষ্ঠিত হয়েছে এবং জামাতাকে নিজ বাড়িতে বরণ করে নিতে পেরে পরিবারের সবাই উচ্ছ্বসিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন