সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: স্নিগ্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৭:১৭ পিএম

তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: স্নিগ্ধ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব হবে।

সোমবার বিকেল ৩টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধ এই মন্তব্য করেন।

তিনি বলেন, বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়েছিলেন, তেমনি তার মা-ও একইভাবে মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিল। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন।

এই সমস্ত হত্যার বদলা নিতে হলে চিরতরে ফ্যাসিস্টের পতন ঘটাতে হবে।স্নিগ্ধ অভিযোগ করেন, ১৭ বছর ধরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন ও নিপীড়ন করেছে এবং এই সময়ে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন।জুলাই আন্দোলনের সময় সরকারের সঙ্গে কোনো প্রকার আপস করা হয়নি জানিয়ে তিনি বলেন, সরকার আমাদের গণভবনে নিয়ে আপস করার চেষ্টা করেছিল।

সেই সময় বাধ্য হয়েই তাদের আত্মগোপনেও থাকতে হয়েছে। তিনি জিয়াউর রহমানের আদর্শ সকল বিএনপি নেতাকর্মীদের লালন করার আহ্বান জানান।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে বলে তিনি দাবি করেন। স্নিগ্ধ এই সময় 'নবীন প্রবীণ বাঁধ জোট, ধানের শীষে দেব ভোট'—এই স্লোগান দিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। সারাদেশের রাজনৈতিক অঙ্গনে এই ধরনের মতবিনিময় সভা আগামী নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।