নভেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৪ পিএম
আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার মতো কোনো সক্ষমতা বর্তমানে কোনো অপশক্তির হাতে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী এবং এটাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।
শনিবার বিকেলে খুলনা মহানগরীর কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর আগে আইজিপি খুলনার পাঁচটি স্থানে চলমান নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আইজিপি বাহারুল আলম এ সময় পুলিশের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি স্পষ্ট করে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ২১ জন দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং আরও ৩১ জনের বিরুদ্ধে প্রক্রিয়া চলছে। তিনি নিশ্চিত করেন, বিতর্কিত পুলিশ সদস্যরা আগামী নির্বাচনে কোনো দায়িত্ব পালন করবেন না এবং নির্বাচন ডিউটিতে নিয়োজিত থাকবেন কেবল পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তারা। এই পদক্ষেপ পুলিশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
নাশকতা ও সহিংসতা প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশ একা নয়, সমাজের সাধারণ মানুষও আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের সহযোগিতা এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টায় যেকোনো অপতৎপরতা মোকাবেলা করা সম্ভব। তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে ছড়ানো গুজব, মিথ্যা তথ্য এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা সবকিছুই তারা নিবিড় নজরদারিতে রেখেছেন। এ সময় আইজিপি খুলনা বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। সভায় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক এবং কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন