শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাজনৈতিক সংকট এড়াতে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি সুন্নি জোটের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১১:১১ পিএম

রাজনৈতিক সংকট এড়াতে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি সুন্নি জোটের

দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে ‘বৃহত্তর সুন্নি জোট’। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো মহলের অপকৌশল বা ষড়যন্ত্রের কারণে নির্বাচন বানচাল হলে দেশকে চরম মাশুল দিতে হবে।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় জোটের নেতারা এসব কথা বলেন।

জনসভায় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের ১৫ মাস পেরিয়ে গেলেও জনমনে স্বস্তি ফেরেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের চেয়ে বিভাজন প্রকট হয়ে উঠেছে।

সরকার ও উপদেষ্টাদের সমালোচনা সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্নের বাংলাদেশ এখনো অধরাই থেকে গেল। দেশে কিছুই বদলায়নি; বরং দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন ও সন্ত্রাস আরও বেড়েছে। সরকারের কিছু উপদেষ্টার দলঘেঁষা পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মব জাস্টিস ও ধর্মীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি বলেন, “দেশে যেন নব্য জাহেলিয়াত ফিরে এসেছে। কবর থেকে লাশ তুলে উল্লাস করে পুড়িয়ে ফেলার ঘৃণ্য দৃষ্টান্ত অতীতে কখনো দেখা যায়নি। গত সোয়া এক বছরে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়লেও সরকারের সেদিকে দৃষ্টি নেই।”

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, “মানুষ আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। গত ১৫ মাসে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা, মাজারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সুন্নি ছাত্র-জনতা কারও প্রতিপক্ষ নয়, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু গায়ে পড়ে ঝগড়া বাধালে আমরা আর চুপ থাকব না।

১৩ দফা দাবি পেশ জনসভা থেকে ১৩ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার, মাজার-মসজিদে হামলাকারীদের বিচার, পার্বত্য জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা।

বিএসপি চট্টগ্রাম জেলা সভাপতি এস এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ, বিএসপির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জুবাইর প্রমুখ।