রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না: শিবির সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ১১:০৩ পিএম

ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, "ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবেন।" তিনি সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদমুক্ত একটি রাজনীতি এবং ফ্যাসিবাদমুক্ত কালচার গড়ে তোলার আহ্বান জানান।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা জেলা পরিষদ হলরুমে ইসলামী ছাত্রশিবির ভোলা পৌর শাখার আয়োজনে এক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় জাহিদুল ইসলাম বলেন, কোনো ফ্যাসিবাদী এবং খুনের রাজনীতি করবেন না। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই "খুনি হাসিনাকে" ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে তাকে এবং তার সঙ্গে গণহত্যাগুলোর সঙ্গে জড়িত সবার বিচার কার্যকর করবেন।

তিনি আরও বলেন, "খুনি হাসিনা শুধু জুলাই-আগস্টে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নয়, বাংলাদেশে ইতিপূর্বে রাজনীতিতে যে হত্যার রাজনীতি এটাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ এবং খুনি হাসিনা।" তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার উল্লেখ করে বলেন, "লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করার মতো বর্বর কর্মকাণ্ড খুনি হাসিনা এবং তার বাহিনী আওয়ামী লীগ করেছে।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমির মাস্টার জাকির হোসাইন প্রমুখ।