নভেম্বর ১৮, ২০২৫, ১১:৪৪ এএম
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করে।
এই রায়ের পর দেশজুড়ে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। তিনি এই রায়কে ‘মজলুমের দোয়া কবুল’ হয়েছে বলে মন্তব্য করেন।
সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শামারুহ মির্জা তার প্রতিক্রিয়ায় লেখেন, রায়ের খবর শুনে তিনি তার বাবাকে ফোন করেছিলেন এবং কেঁদে ফেলেছিলেন। তিনি লেখেন, ‘সেই ২০১৩ থেকে আমি অপেক্ষা করছিলাম! আমাদের জীবনের যে ভয়াবহ ক্ষতি করেছিল হাসিনা, কতবার ভেবেছি, কবে সুযোগ আসবে। আমি মামলা করব, আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক ক্ষতি করার জন্য।’শামারুহ মির্জা তার পোস্টে আরও অভিযোগ করে লেখেন, ‘এই ১২ বছরে কত লাখ লাখ পরিবার শেষ করেছে হাসিনা। কত মানুষ খুন করেছে, গুম করেছে!’ তিনি তার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়ে লেখেন, ‘মজলুমের দোয়া আজ কবুল হলো। আল্লাহ সর্বশক্তিমান।
ট্রাইব্যুনালের এই রায়ের পর শামারুহ মির্জার এই ব্যক্তিগত অনুভূতির মতোই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে। ঐতিহাসিক এই রায়ের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশেই একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন এলাকায় ছাত্র-জনতাকে রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অনেক এলাকায় সাধারণ মানুষ একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন