ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:০৯ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের দেশে বিগত সময় যারা নেতৃত্ব দিয়েছে, তারা সব সময় লুটপাটের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি এবং সন্ত্রাসের রাজনীতি করেছে। তাই আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আগামী দিনে যে বাংলাদেশ গড়ে উঠবে তা তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ হবে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে যে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, সেই নেতৃত্বের হাত ধরে সারাদেশের সব অন্যায়, অত্যাচার এবং অবিচার দূর হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম রাজনীতির অতীত পটভূমি তুলে ধরে বলেন, যারা অতীতে ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল, ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গেছে। তিনি আরও বলেন, যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারাই নিষিদ্ধ হয়ে হেলিকপ্টারযোগে ভারত পালিয়ে গিয়েছে। শিবির সভাপতি জোর দিয়ে বলেন, এই প্রজন্ম কোনো ফ্যাসিবাদি শক্তি, কোনো রক্তচক্ষু, কোনো আধিপত্যবাদ পরোয়া করে না। আমরা দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করি না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি।
কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবী। তিনি তার বক্তব্যে বলেন, মাদক আমাদের সমাজকে গ্রাস করছে। তাই মাদকমুক্ত কাপাসিয়া গড়াই হবে তাদের প্রথম কাজ।
এছাড়াও তিনি কর্মসংস্থানের সংকট দূর করতে পরিবেশবান্ধব শিল্পায়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তার মতে, যুবকদের শক্তি সৎ নেতৃত্বের পেছনে কাজে লাগালে কাপাসিয়া সারাদেশে উন্নয়নের এক অনন্য মডেল হয়ে উঠবে। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) জিএস এস.এম ফরহাদ বলেন, ভুল নেতৃত্ব নির্বাচনের কারণেই গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিনি যুবসমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার এবং বিবেকের ভোট দেওয়ার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন