ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৫২ পিএম
বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘গ্লোবাল সাউথে আইন, ন্যায়বিচার ও মানবাধিকার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধন আজ সকালেই বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এই সম্মেলন দেশের আইনি কাঠামো এবং মানবাধিকার সুরক্ষার চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব। মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, আমাদের দেশে অনেক মানুষ এখনো আইন মানতে অনীহা দেখায়, তাই সচেতনতা বাড়ানো জরুরি। তিনি আরও বলেন, গ্লোবাল সাউথে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, ধীর বিচার ব্যবস্থা এবং জবাবদিহির অভাব আইনের শাসনকে দুর্বল করছে। তবে আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকার সংস্থার কাজের ফলে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে।
তার মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আইন, ন্যায়বিচার ও মানবাধিকারকে আরও শক্তিশালী করা প্রয়োজন।উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আশা প্রকাশ করে বলেন, দেশের উন্নতি ও অগ্রযাত্রা ধরে রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জাতীয় আইন সম্মেলন ভবিষ্যতে দেশ, জাতি এবং বাংলাদেশ ইউনিভার্সিটির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে দুটি টেকনিক্যাল সেশনে মোট ১১টি বিষয়ে আলোচনা হয়, যেখানে দেশের বিশিষ্ট আইনজীবী, গবেষক এবং শিক্ষকরা অংশ নেন।
বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। সমাপনী বক্তৃতায় তিনি বলেন, সময়ের সাথে সাথে মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই আইনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মানবাধিকারসহ সব নাগরিক অধিকার সুরক্ষিত হয় এবং বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগ, আইনজীবী, এবং তরুণ গবেষকদের যৌথ উদ্যোগ একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করবে।
তিনি জানান, আগামী দিনে আইনকে আরও শক্তিশালী করা এবং বিচারপ্রাপ্তি সহজ করাই হবে বড় চ্যালেঞ্জ। আয়োজকদের আশা সারাদেশের শিক্ষার্থীদের গবেষণা চিন্তা এবং একাডেমিক আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন