ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১৩ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নে হাজীখালী খালের বাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে ৯টি গ্রামের প্রায় পাঁচশো একর জমির আমন ক্ষেত নষ্টের পথে। গত কয়েকদিন আগে পায়রা নদীর প্রান্তে খালের বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই বিপর্যয় ঘটেছে।
এর ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং প্রতিদিন জোয়ারের পানি উঠে জমির পানির স্তর আরও বাড়িয়ে দিচ্ছে।
আমন ধান মূলত শুকনো মৌসুমের ফসল হওয়ায় দীর্ঘ সময় ধরে এভাবে পানির নিচে তলিয়ে থাকলে একটি ধানও ঘরে তোলা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
এই পরিস্থিতিতে দ্রুত বাঁধ নির্মাণের জন্য সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ভুক্তভোগী কৃষকদের পক্ষে আবেদন করেছেন স্থানীয় প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সচেতন মহল। লিখিত আবেদনে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আইউব খান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ এবং উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আতাহার উদ্দিনসহ অনেকেই স্বাক্ষর করেছেন।
সরেজমিনে দেখা গেছে, পায়রা নদীর শাখা থেকে উৎপত্তি হয়ে মেন্দিয়াবাদ ও হাজীখালী গ্রামের সংযোগস্থল থেকে হাজীখালী খাল দেউলীর বেবেরদোন নদীতে পতিত হয়েছে। এই খালের উভয়প্রান্তে বাঁধ এবং একটি সুইজগেট দিয়ে পানিপ্রবাহ নিয়ন্ত্রিত হতো, যার ওপর ভিত্তি করে হাজীখালী, মেন্দিয়াবাদ, রানীপুর, সাতবাড়িয়া, দেউলী, লেমুয়া, চত্রা, চরখালী, গোলখালীসহ অনেক গ্রামের কৃষি সেচ ব্যবস্থা চলমান ছিল। স্থানীয় কৃষক মাহবুব নামের একজন জানান, তাদের জীবিকা নির্বাহ শতভাগ এই আমন ধানের ওপর নির্ভর করে এবং অনেকের মাথায় ঋণের বোঝাও রয়েছে। বাঁধ দেওয়া না হলে সমগ্র ধান নষ্ট হয়ে যাবে এবং তাদের পথে বসতে হবে।
মির্জাগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আতাহার উদ্দিন বলেন, উপকূলীয় অঞ্চল সাধারণত এক সিজনাল আমন ধানের ওপর নির্ভরশীল। এই ৫০০ একর জমির আমন ধান নষ্ট হওয়ার ধকল সামলানো যাবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ক্ষেতে পানি থাকলে ডাল, বাদাম, আলু, তরমুজ, সূর্যমুখী ফুলসহ কোনো রবি শস্য আবাদ করাও সম্ভব হবে না। তিনি জানান, ইউএনও বরাবর আবেদন করা হয়েছে এবং তিনি স্থান পরিদর্শন করে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মলিহা খানম বলেন, দ্রুত বাঁধ নির্মাণের একটি আবেদন তারা পেয়েছেন এবং স্থান পরিদর্শন শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন