ডিসেম্বর ১৬, ২০২৫, ০৬:০৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, তাঁরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করেন। তিনি বলেন, প্রকৃত দেশপ্রেম মানে সততা, ন্যায় ও জবাবদিহিতা।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে বিজয় র্যালি শেষে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করলেও বৈষম্যহীন ও শোষণমুক্ত সেই কাঙ্ক্ষিত দেশ আজও গড়ে তোলা সম্ভব হয়নি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে সফল হওয়া গণঅভ্যুত্থান—সবকিছুর মূল দাবি ছিল একটি মর্যাদাশীল, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি।জামায়াতে ইসলামীর এ প্রার্থী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চাইলে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি অভিযোগ করেন অতীতে যারা তথাকথিত চেতনার কথা বলেছে, তাদের অনেকেই দুর্নীতিবাজ, লুটেরা, ডাকাত ও সন্ত্রাসীতে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দেশের কোনো থানায় দুর্নীতি, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির মামলা নেই। এটাই প্রমাণ করে প্রকৃত স্বাধীনতার চেতনা কী।"তিনি দাবি করেন, গত ৫৪ বছরে যারাই ক্ষমতায় ছিল তারা শুধু মুখেই স্বাধীনতার কথা বলত, কিন্তু জামায়াত তা অন্তরে ধারণ করে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন প্রকৃত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
মাসুদ সাঈদী বলেন, মুক্তিযুদ্ধের যোদ্ধারা ও জুলাই যোদ্ধারা এই দেশের সূর্যসন্তান। তাঁদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আর কোনো নতুন যোদ্ধা তৈরি হবে না।তিনি সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেন, "হাদির ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলা নয়। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।" এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন