ডিসেম্বর ২০, ২০২৫, ১২:৩৯ পিএম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ। তিনি জানান রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় একদল লোক বাড়িতে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে দুর্বৃত্তরা হঠাৎ ব্যারিস্টার আনিসুল ইসলামের পৈতৃক বাড়িতে হানা দেয়। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
এতে বাড়ির নিচতলায় থাকা একটি ব্যক্তিগত গাড়ি এবং দ্বিতল ভবনের অন্তত দুটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট। সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।পুলিশ জানিয়েছে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ভবনের কাঠামো ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজনৈতিক কারণে এই হামলার ঘটনা ঘটেছে কি না তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী।ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। তার বাড়িতে এমন হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে। পুলিশ কর্মকর্তাদের দাবি খুব দ্রুতই হামলার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন