রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:০২ এএম

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো আবারও খোলা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা। ৩ মাস ২৭ দিন পর এসব দানবাক্স খোলা হলো।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪০০ মানুষের একটি দল বর্তমানে এই বিশাল পরিমাণ টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন।

এবার দানকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় দানবাক্সের সংখ্যাও বাড়িয়ে ১৩টি করা হয়েছে।টাকা গণনার কার্যক্রম কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা।

পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে টাকা গণনার কার্যক্রম চলছে। এর আগে গত ৩০ আগস্ট দানবাক্সগুলো খুলে পাওয়া গিয়েছিল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ। টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

ঐতিহাসিক এই মসজিদে সব ধর্মের মানুষ তাদের মনোকামনা পূরণের আশায় দান করে থাকেন। সাধারণত তিন মাস পর পর বাক্সগুলো খোলা হলেও এবার কিছুটা বিলম্বে খোলা হয়েছে। টাকা গণনার কাজ শেষ হতে বিকেল গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।