জানুয়ারি ৩, ২০২৬, ০৯:২৩ পিএম
যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের কার্যালয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলমগীর শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে এবং যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, রাতে আলমগীর শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন।
এ সময় হঠাৎ অজ্ঞাত একদল দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে আলমগীরের মাথার বাম পাশে অস্ত্র ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের মানুষ এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, আলমগীরকে যখন হাসপাতালে আনা হয় তখনই তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তাঁর মাথার বাম পাশে গভীর গুলির ক্ষত রয়েছে। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে এই হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আটকে অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন