রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৭০০ কৃষকের নামে মামলা, প্রতিবাদে মশাল মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৩৭ পিএম

৭০০ কৃষকের নামে মামলা, প্রতিবাদে মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে প্রায় ৭০০ কৃষকের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মামলার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বুড়ি তিস্তা এলাকায় মশাল মিছিল করেছেন সহস্রাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা।

খননকাজে বাধা, হামলা ও লুটপাটের অভিযোগে পাউবোর জলঢাকা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, দুই মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় মোট ৬৯১ জনকে আসামি করা হয়েছে।

পাউবোর দাবি, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ও ২০২৬ সালের ১ জানুয়ারি দুই দফায় সরকারি কাজে বাধা দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।অন্যদিকে, আন্দোলনরত কৃষকদের দাবি, তারা তাদের পূর্বপুরুষের আমল থেকে চাষাবাদ করে আসা ৯৫৭ একর ‘তিন ফসলি’ জমি রক্ষা করতে লড়ছেন। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান জোরপূর্বক উঁচু বাঁধ দিয়ে জলাধার খননের চেষ্টা করছে, যা তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। জমি ছাড়ার চাপের প্রতিবাদ করায় প্রতিহিংসামূলকভাবে এই বিপুল সংখ্যক কৃষকের নামে মামলা দেওয়া হয়েছে।

তবে পাউবোর নীলফামারী নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, জমিগুলো পাউবোর নামে রেকর্ডভুক্ত এবং জেলা প্রশাসনের মাধ্যমেই সীমানা যাচাই করে খননকাজ শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার ৫ হাজার কৃষক উপকৃত হবেন বলে দাবি তাঁর। এদিকে মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় কৃষকরা।