সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ নিহত ৩

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ১০:৩৩ এএম

ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মার্চেন্ট নেভী সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী একটি বাস সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নাফিজ আহমেদ অয়ন (১৬), চট্টগ্রামের চান্দগাঁও এলাকার ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধার ফুলছড়ি এলাকার মিন্টু মিয়া (৪৫)।

নিহতদের মধ্যে নাফিজ আহমেদ অয়ন একজন মার্চেন্ট নেভী সদস্য ছিলেন। তার পরিবার জানিয়েছে ১০ দিনের ছুটি শেষে তিনি মাদারীপুরে নিজের কর্মস্থলে ফিরছিলেন। নিহত অপর দুই যাত্রীর মধ্যে একজন নারী এবং অন্যজন মধ্যবয়সী পুরুষ।জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস ঢাকা অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মহাসড়কের ওপর আগে থেকেই একটি গাছবোঝাই ট্রাক বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। ঘন কুয়াশা কিংবা চালকের অসতর্কতার কারণে বাসটি সরাসরি ট্রাকের পেছনে আঘাত করলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং ক্ষতিগ্রস্ত বাসের ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।