মোঃ আব্দুর রাজ্জাক
জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) রংপুরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।
সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোনো দূরত্ব নেই। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে নির্বাচনের সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কর্মপরিধি, নির্বাচন কমিশনের পরিচয়পত্র সংগ্রহ এবং গণমাধ্যমের যানবাহনে (গাড়ি ও মোটরসাইকেল) স্টিকার ব্যবহারের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রুপাল মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তাদির ও জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন।
এছাড়াও কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বরেণ্য সাংবাদিকবৃন্দ তাঁদের মতামত ব্যক্ত করেন।বক্তারা একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে সঠিক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।