বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে জামায়াত, ঘোষণা আসতে পারে কাল

রবিউল এহ্সান রিপন

জানুয়ারি ২২, ২০২৬, ০৮:২৯ পিএম

১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে জামায়াত, ঘোষণা আসতে পারে কাল

ছবি-দিনাজপুর টিভি

নির্বাচনী জোটের পরিধি বাড়াতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে তারা ১১ দলীয় জোটে রূপান্তরিত হতে যাচ্ছে। আগামীকাল (শুক্রবার) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভার প্রস্তুতি ও মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অবহেলিত ও পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নে আমরা অগ্রাধিকার দেব। আমিরে জামায়াতের আসন্ন জনসভা এই উন্নয়নের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় ‍‍`একটি দল শিরক করছে‍‍` মর্মে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা আব্দুল হালিম বলেন, গণতান্ত্রিক পরিবেশে সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি (তারেক রহমান) নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি। 

আর জামায়াতে ইসলামী কীভাবে পরিচালিত হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানেন।এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান এবং ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। আগামীকাল শুক্রবার এই মাঠে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।