বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:৪৭ পিএম

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ৬ মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে জামিননামার কপি সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত যশোর কেন্দ্রীয় কারাগারের জেলগেটে না পৌঁছানোয় আজ তাঁর মুক্তি মিলছে না।

 যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আদালতের আদেশের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাদ্দামের জামিন আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে।

স্ত্রী কানিজ সুবর্ণা (২২) ও ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিম হাসানের অকাল মৃত্যু এবং সাদ্দামের পারিবারিক ট্র্যাজেডির বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে আদালত এই অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন। সাদ্দামের আইনজীবী জানান, তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা ছিল, যার মধ্যে আগের ছয়টিতে তিনি আগেই জামিন পেয়েছিলেন; আজ সর্বশেষ মামলাটিতেও জামিন পেলেন।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, সাদ্দামের মুক্তি না হওয়া এবং একাকীত্বের হতাশায় স্ত্রী আত্মহত্যা করেন। পরদিন ২৪ জানুয়ারি সন্ধ্যায় প্যারোলে মুক্তি না পাওয়ায় স্ত্রী-সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর জেলগেটে নিয়ে আসা হয় এবং সাদ্দামকে মাত্র ৫ মিনিটের জন্য শেষবার দেখার সুযোগ দেওয়া হয়। এই হৃদয়বিদারক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়।

জুয়েল হাসান সাদ্দাম ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। যদিও মানবাধিকার সংগঠনগুলো ও বিশিষ্ট নাগরিকরা তাঁর প্যারোলে মুক্তি না দেওয়াকে অমানবিক বলে বর্ণনা করেছেন, তবে সরকার দাবি করেছে যে নিয়মমাফিক কোনো লিখিত আবেদন পরিবারের পক্ষ থেকে জমা পড়েনি। এখন কেবল আদালতের চূড়ান্ত কাগজের অপেক্ষায় যশোর কারাগারে প্রহর গুনছেন এই আলোচিত ছাত্রনেতা।