আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ২৯, ২০২৬, ১২:০১ এএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার-ফেস্টুন লাগালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অথচ ১১ দলীয় জোটের প্রার্থীর `শাপলা কলি` প্রতীকের বৈধ ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। প্রশাসনের এমন একতরফা আচরণে রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা।বিক্ষোভ চলাকালীন বক্তারা অভিযোগ করেন, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
পরে রাত ১০টার দিকে আন্দোলনকারীরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের পদত্যাগসহ ৫ দফা দাবি উত্থাপন করেন।দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়েছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে পুনরায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। বিক্ষোভে পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দীনসহ জোটের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।