রবিউল এহ্সান রিপন
ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:১০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
নির্বাচনের ঠিক আগমুহূর্তে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে ‘গভীর ষড়যন্ত্র’ ও নির্বাচন প্রভাবিত করার পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, “এটি সম্পূর্ণ বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। তিনি দীর্ঘকাল ধরে গার্মেন্টস ও বুটিক ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়িক অর্থ নিয়ে ফেরার পথে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে।
ঢাকা বিমানবন্দরে কোনো সমস্যা না হলেও সৈয়দপুরে এসে আটক করা প্রমাণ করে এটি একটি সাজানো নাটক।”সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে আরও বলেন, “অন্যান্য দলের নেতাদের বিরুদ্ধে বড় বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ জামায়াত নেতার ব্যবসায়িক অর্থকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।”
বেলাল উদ্দিন প্রধানের পরিবার দাবি করেছে, ঈদ উপলক্ষে বকেয়া আদায় ও অগ্রিম অর্ডারের টাকা নিয়ে তিনি ঢাকা থেকে ফিরছিলেন। জামায়াতের জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন একে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।নির্বাচনের মাত্র একদিন আগে এই আটকের ঘটনায় স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।