রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটের লাইনে হিন্দু নারীদের সরব উপস্থিতি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:০৯ পিএম

ভোটের লাইনে হিন্দু নারীদের সরব উপস্থিতি

আজ রাজধানীর মিরপুরের মনিপুর বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে লক্ষ্য করা গেছে নারী ভোটারদের এক অভাবনীয় উপস্থিতি। বিশেষ করে সনাতনী হিন্দু সম্প্রদায়ের নারীদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঢাকা ১৫ আসনের অন্তর্গত এই ২৩ নম্বর কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের দীর্ঘ সারি আরও দীর্ঘ হতে থাকে। এখানে একটি বিশেষ দৃশ্যে দেখা যায় একই পরিবারের ছয়জন নারী সদস্য ভোট দিতে এসেছেন। 

তাদের মধ্যে ছিলেন বৃদ্ধা একাদশী রানী, তার দুই পুত্রবধূ, মেয়ে এবং দুই নাতনি। এমনকি নাতনির কোলে থাকা শিশুটিও ছিল এই ভোট উৎসবের সঙ্গী। তারা সবাই মিরপুর ৬০ ফিট এলাকার বাসিন্দা। একাদশী রানী জানান যে তাদের পরিবারের মোট ভোটার সংখ্যা ১৩ জন। 

পুরুষ সদস্যরা পাশের পুরুষ কেন্দ্রে ভোট দিচ্ছেন আর বাড়ির মহিলারা ঘরের কাজ সেরে দুপুরের দিকে একসাথে ভোট দিতে এসেছেন। হিন্দু সম্প্রদায় এবার ভোট বর্জন করতে পারে বলে যে এক ধরণের আশঙ্কা করা হয়েছিল, এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সেই ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে। 

ভোটাররা জানিয়েছেন তারা কোনো প্রকার ভয়ভীতি বা বাধা ছাড়াই কেন্দ্রে আসতে পেরেছেন। প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত পুলিশ সদস্যরাও জানিয়েছেন যে পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পুরুষ কেন্দ্রের চেয়ে নারী কেন্দ্রে জটলা বেশি থাকলেও কোনো ধরণের বিশৃঙ্খলা বা হট্টগোলের খবর পাওয়া যায়নি। 

এজেন্টরা ভোটারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক। ভোট প্রদান শেষে একাদশী রানী ও তার পরিবারের সদস্যরা অত্যন্ত তৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছেন এবং দীর্ঘদিন পর এমন ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা আনন্দ প্রকাশ করেছেন।