শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ময়মনসিংহে সেনা ট্রাক ও বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:৪৯ পিএম

ময়মনসিংহে সেনা ট্রাক ও বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সেনাবাহিনীর সার্জেন্ট এবং অন্যজন বাসের চালক। 

এই ঘটনায় বাসের অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সদস্যরা ফুলপুর ক্যাম্প থেকে একটি ট্রাকে করে ময়মনসিংহের দিকে ফিরছিলেন। 

পথে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সরাসরি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত বাসচালককে দ্রুত উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, দুর্ঘটনাকবলিত সেনা ট্রাকের চালক সার্জেন্ট রেজাউলকে আহত অবস্থায় উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই প্রশাসনের তৎপরতায় সড়কের যানজট নিরসন করা হয়েছে। বর্তমানে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মালামাল ও যানবাহন সরিয়ে নেওয়ার পর সড়কের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।