রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমাদের দুর্ভাগ্য আমরা সবকিছুতেই রাজনীতি করি: রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৯ পিএম

আমাদের দুর্ভাগ্য আমরা সবকিছুতেই রাজনীতি করি: রুমিন ফারহানা

বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, বাংলাদেশের রাজনীতিতে সবকিছুতেই দলীয়করণ ও ইতিহাস বিকৃতির সংস্কৃতি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। শনিবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুমিন ফারহানা উল্লেখ করেন, ৫২-এর ভাষা আন্দোলনই বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান হলেও এর প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। প্রতিটি সরকার ক্ষমতায় এসে নিজেদের মতো করে ইতিহাস রচনা করায় সাধারণ মানুষের অবদান আড়ালে পড়ে গেছে।

আলোচনা সভায় তিনি তার পিতা এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি অভিযোগ করেন যে, আশির দশক পর্যন্ত ইতিহাস ততটা বিকৃত না হলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে ভাষা আন্দোলনের প্রকৃত নায়কদের নাম পাঠ্যপুস্তক ও ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। 

রুমিন ফারহানা বলেন, ক্ষমতায় থাকা দলগুলো ইতিহাসে হয় কাউকে দেবতা বানায়, নয়তো কাউকে ইবলিস হিসেবে উপস্থাপন করে। এর ফলে ইতিহাসের সত্যতা হারিয়ে যায় এবং পরবর্তী প্রজন্ম বিভ্রান্ত হয়। বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে ভাষা আন্দোলনের সত্যিকারের কারিগরদের গুরুত্ব কমিয়ে দেখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।তিনি আশা প্রকাশ করেন যে, ৫ আগস্ট পরবর্তী ‍‍`নতুন বাংলাদেশে‍‍` এযাবৎকাল পর্যন্ত দেশের জন্য যাদের অবদান রয়েছে, তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি ইতিহাসে স্থান পাবে। 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আশুগঞ্জের মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম। সভায় বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় এবং ইতিহাসের সত্যতা বজায় রাখতে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।