রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মায়ের জানাজায় এসে মাফ চাইলেন রানা প্লাজার মালিক সোহেল

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৪৮ এএম

মায়ের জানাজায় এসে মাফ চাইলেন রানা প্লাজার মালিক সোহেল

মায়ের জানাজায় সোহেল রানা

সাভারে ধসে পড়া আলোচিত ভবন রানা প্লাজার মালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন। দীর্ঘ প্রায় একযুগ পর কারাগার থেকে কয়েক ঘণ্টার জন্য মুক্তি পেয়ে তিনি সাভারে আসেন। শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদরাসা মসজিদে তার মা মর্জিনা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় পুলিশের কড়া পাহারায় তাকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়েছিল। জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সোহেল রানা সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং তার ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পারিবারিক সূত্র জানায়, সোহেল রানার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে সোহেল রানা কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। 

সেই আবেদনের প্রেক্ষিতে কাশিমপুর কারাগার থেকে তাকে সাভারে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৬টার দিকে তিনি সাভারে পৌঁছান এবং জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে পুনরায় পুলিশি পাহারায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করে সাভার মডেল থানা পুলিশ।জানাজার আগে সোহেল রানা সমবেত মানুষের কাছে তার মায়ের জন্য দোয়া চান। রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন এবং এই দীর্ঘ সময়ে তার জনসম্মুখে আসার কোনো নজির ছিল না। 

তার আত্মীয় জাহাঙ্গীর আলম জানান, ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর মরদেহ সাভারে নিয়ে আসা হয়েছিল। জানাজায় স্থানীয় মুসল্লি ও তার আত্মীয়-স্বজনরা অংশ নেন। রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সোহেল রানা একাধিক মামলার প্রধান আসামি হিসেবে বর্তমানে বিচারাধীন রয়েছেন।