ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৫০ পিএম
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সুশাসন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের প্রতিদিন সকাল ৯টার মধ্যে নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নিজেই প্রতিদিন সকাল পৌনে ৯টার মধ্যে স্বীয় দপ্তরে উপস্থিত হন। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সর্বদলীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগে যে যার ইচ্ছেমতো অফিস করার সুযোগ পেলেও বর্তমান প্রেক্ষাপটে সেই সুযোগ আর নেই। পর্যায়ক্রমে এই নিয়মতান্ত্রিক রীতি সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি অফিসে কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর থেকে তাদের কাজের চাপে বিশ্রামের সময়টুকুও কমে গেছে। প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে পৌঁছে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন কাজ করতে হয় এবং এরপর শুরু হয় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা।
তিনি এই কঠোর শৃঙ্খলাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমেই আমরা আগামী দিনে সবার জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নতুন কর্মসংস্কৃতিকে সাদরে গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। অনিয়ম ও দুর্নীতির টুটি তিনি সজোরে চেপে ধরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি প্রশাসনিক কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বলেন, যারা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করবেন, তাদের তিনি ব্যক্তিগতভাবে প্রশাসনিকভাবে এগিয়ে যেতে সর্বোচ্চ সহায়তা করবেন। তিনি মনে করেন, দুর্নীতিমুক্ত প্রশাসনই একটি জাতির সমৃদ্ধির মূল চাবিকাঠি।
পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসার বসুনিয়া।
এছাড়া এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক তানবিরুল বারী নয়ন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সভায় জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় সেখানে বিশেষ মোনাজাত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন