রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বইমেলায় বাংলা একাডেমির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ১১:৪২ পিএম

বইমেলায় বাংলা একাডেমির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ

অগোছালো বইমেলা প্রাঙ্গণ

অমর একুশে বইমেলা ২০২৬-কে কেন্দ্র করে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং সমঝোতা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’। মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে সংগঠনটি জানায় যে মেলার শুরু থেকেই পরিবেশগত অবনতি এবং নিয়মবহির্ভূত স্টল বরাদ্দের কারণে প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

নানাবিধ প্রতিকূলতা ও সময়স্বল্পতা সত্ত্বেও প্রকাশকরা নতুন সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে মেলায় অংশ নিলেও আয়োজকদের পক্ষ থেকে যথাযথ সাড়া পাওয়া যাচ্ছে না বলে তারা দাবি করেন।

বিবৃতিতে অন্যতম প্রধান অভিযোগ হিসেবে উঠে এসেছে স্টল বরাদ্দের বিষয়টি। বাংলা একাডেমির সঙ্গে হওয়া পূর্ব সমঝোতা অনুযায়ী এবার কোনো প্যাভিলিয়ন থাকবে না এবং সর্বোচ্চ ৫ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়ার কথা ছিল। তবে প্রকাশকদের অভিযোগ কিছু প্রতিষ্ঠানকে অস্বচ্ছ প্রক্রিয়ায় ৬ ইউনিটের স্টল দেওয়া হয়েছে যা সরাসরি সমঝোতার লঙ্ঘন। 

এই বৈষম্যমূলক আচরণের বিষয়ে বাংলা একাডেমির কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে সংগঠনটি। এছাড়া মেলার মাঠের অবকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশকরা। দুই সারির স্টলের মাঝখানের রাস্তা ইঁটহীন এবং অসমতল হওয়ায় পাঠকদের চলাচলে বিঘ্ন ঘটছে। নিয়মিত পানি না ছিটানোর ফলে ধুলোবালি উড়ছে যা মেলায় আসা দর্শনার্থী ও কর্মীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছে প্রকাশক ঐক্য। তাদের দাবি মেলা প্রাঙ্গণে হকারদের অবাধ বিচরণ এবং অবৈধভাবে মাদক সেবন ও বিক্রির মতো ঘটনা ঘটছে যা বইমেলার পবিত্রতা নষ্ট করছে। 

সন্ধ্যার পর মশার উপদ্রব এবং রাতে মেলা বন্ধ হওয়ার পর বহিরাগতদের প্রবেশের কারণে কোটি টাকার বই ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সংগঠনটি স্পষ্ট করেছে যে তারা বাংলা একাডেমির প্রতিপক্ষ নয় বরং একটি সুশৃঙ্খল মেলা নিশ্চিত করতেই এই গঠনমূলক সমালোচনা করছে। আগামী ৫ মার্চের মধ্যে অবকাঠামো মেরামত ও হকার সমস্যা সমাধানসহ উল্লিখিত সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রকাশকরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।