রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৯:৪০ এএম

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

ঘটনাস্থলে পুলিশ

খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও পরিবহন শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড়ের বাটা শো রুমের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে এবং এক সময়ের শীর্ষ সন্ত্রাসী মিনা কামালের ছোট ভাই। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে মার্কেটে এসেছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম বিল্লাহ ডাকবাংলা মোড়ে অবস্থানকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। 

হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি করে এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই পলায়নরত অবস্থায় অশোক ঘোষ নামের এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ হাতেনাতে আটক করে পুলিশ ও জনতা।

খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ তাজুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত কন্টাক্ট কিলিং বা ভাড়ায় সম্পন্ন করা হত্যা মিশন। আটক ঘাতক অশোক ঘোষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মিশনে মোট সাতজন সন্ত্রাসী অংশ নিয়েছিল। 

তাদের মধ্যে টাকার ভাগাভাগি এবং কে কত পাবে সেই হিসাবও আগে থেকেই চূড়ান্ত ছিল। ঘাতকদের কাছে পিস্তল ছাড়াও বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র ছিল। পুলিশ এই ঘটনার নেপথ্যের কারণ এবং বাকি ছয়জনকে গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে। জনাকীর্ণ এলাকায় এমন হত্যাকাণ্ডে পুরো খুলনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।