রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদের ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০৯:৪৩ এএম

ঈদের ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল

স্টেশনে যাত্রীদের ভিড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের লম্বা ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। মঙ্গলবার ভোর থেকেই ঢাকা ছাড়ার প্রধান প্রবেশপথগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই শহর ছাড়ছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। 

এবারের দীর্ঘ ছুটির কারণে যাত্রীদের মধ্যে এক ধরণের স্বস্তি থাকলেও প্রথম দিনেই কমলাপুর রেলস্টেশন ও গাবতলী বাস টার্মিনাল এলাকায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে মোট ১১টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে ৯টি আন্তঃনগর এবং ২টি কমিউটার ট্রেন রয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশে কড়াকড়ি ব্যবস্থা থাকায় ভেতরে শৃঙ্খলার ঘাটতি না থাকলেও বাইরে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

অনেকেই ট্রেনের টিকিট আগেভাগে সংগ্রহ করায় ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছানোর আশা করছেন। অন্যদিকে সড়কপথেও মানুষের চাপ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। গাবতলীসহ রাজধানীর অন্যান্য বাস টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, লম্বা ছুটি থাকায় যাত্রা কিছুটা বণ্টন হয়ে গেছে, ফলে বড় ধরণের ভোগান্তির আশঙ্কা কম।উল্লেখ্য যে, এবারের সরকারি ছুটির তালিকায় ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত ছুটির মাঝে ১৮ মার্চ অফিস খোলা ছিল। 

যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকার নির্বাহী আদেশে ১৮ মার্চও ছুটি ঘোষণা করায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। এই সময়ের মধ্যে সব ধরণের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো খোলা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়ক ও স্টেশনে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে যাতে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন হয়।