মার্চ ১৯, ২০২৬, ০৭:৪৪ পিএম
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, বিগত শাসনামলে এই এলাকার মানুষ চরম বৈষম্যের শিকার হয়েছে এবং এখন সেই বঞ্চনা কাটিয়ে ওঠার সময় এসেছে। বৃহস্পতিবার সকালে জিয়ানগর উপজেলা পরিষদ সভা কক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।বক্তব্যে মাসুদ সাঈদী বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, জিয়ানগরের মানুষকে শান্তিতে ঘরে থাকতে দেওয়া হয়নি।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করেছেন। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে এই উপজেলার নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে পুরোপুরি থমকে দেওয়া হয়েছিল।
তিনি দৃঢ়তার সাথে বলেন, দীর্ঘদিনের এই বৈষম্য আর সহ্য করা হবে না এবং এখন উন্নয়নের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে।বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে আপনারা যেভাবে দল-মত ভুলে ঐক্যবদ্ধ ছিলেন, এলাকার উন্নয়নের স্বার্থেও সেই ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে এবং হাতে হাত রেখে কাজ করলে এলাকার উন্নয়নের ধারা আবারও সচল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এলাকার মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয় বাড়ানোর তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার এবং উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসেন। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ স্থানীয় জামায়াত ও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় দুস্থ ও গরিব মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন