সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সাতসকালে প্রাণ গেল ৩ শ্রমিকের

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ১০:৪৭ এএম

সাতসকালে প্রাণ গেল ৩ শ্রমিকের

দুর্ঘটনাকবলিত অটোরিকশা

নাটোরের লালপুরে একটি বালুবাহী ট্রাকের চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

নিহতরা হলেন লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের মনির (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের বাবুল (৪০)। তারা সবাই কৃষি শ্রমিক হিসেবে পেঁয়াজ তোলার কাজের জন্য একটি অটোরিকশা ভাড়া করে ফরিদপুর যাচ্ছিলেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশাটি নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়। 

স্থানীয়রা দ্রুত আহত ছয়জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে নাটোরের চারঘাট এলাকায় পৌঁছালে মনির এবং রাজশাহী হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়।আহতদের মধ্যে রাজিবুল ইসলাম বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাউসার জানিয়েছেন যে আহতদের কয়েকজনের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানিয়েছেন খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কাজ করতে যাওয়ার পথে একই এলাকার তিন শ্রমিকের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।