মার্চ ২৭, ২০২৬, ১০:৪৪ এএম
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে বাজারের একটি গলি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। এতে বেশ কিছু স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন ও খাগড়াছড়ি সদর থেকে আসা অতিরিক্ত ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনতা সম্মিলিতভাবে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনাটি খতিয়ে দেখতে কাজ করছে ফায়ার সার্ভিস।বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেওয়ার কোনো সুযোগ পাননি। এদিকে দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন