মার্চ ২৭, ২০২৬, ১১:২৯ এএম
সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে যে খবরটি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। তেলের সংকট মোকাবিলা এবং কালোবাজারি রোধে প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তা বাতিলের একটি অসত্য তথ্য প্রচার করা হয়।
এর ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি একাধিক ফিলিং স্টেশন থেকে নির্ধারিত সীমার অতিরিক্ত তেল সংগ্রহ করে তা খোলা বাজারে চড়া মূল্যে বিক্রি ও চোরাচালানের সঙ্গে লিপ্ত হচ্ছে।
এর ফলে সাধারণ মোটরসাইকেল চালক ও প্রকৃত গ্রাহকরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে প্রতিটি মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই কার্ডটি এখনো বাস্তবায়নের প্রাথমিক প্রক্রিয়ায় রয়েছে এবং এটি বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বুধবার রাতে মোটরসাইকেল আরোহীদের জন্য জারি করা অন্যান্য নির্দেশনাগুলো কঠোরভাবে বহাল থাকবে।
এর মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তেলের পাম্প খোলা রাখা, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র সাথে রাখা এবং আরোহীর হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদিত ডিলার পয়েন্ট ছাড়া অন্য কোথাও জ্বালানি তেল কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফুয়েল কার্ড বিতরণের প্রক্রিয়াটি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সকলকে জানানো হবে। এই সময়ের মধ্যে বিভ্রান্তিকর কোনো তথ্যে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন