মার্চ ২৭, ২০২৬, ০৫:৩৬ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় বাসডুবি দুর্ঘটনার উদ্ধার অভিযানের তৃতীয় দিনে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দুপুরে দুর্ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা। বর্তমানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বিত উদ্ধার তৎপরতা জোরদারভাবে অব্যাহত রয়েছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, স্পিডবোট নিয়ে মূল দুর্ঘটনাস্থলের পাশাপাশি নদীর ভাটিতেও নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। নদীর তীব্র স্রোতে কোনো মরদেহ দূরে ভেসে যাওয়ার আশঙ্কা থেকে উদ্ধার অভিযানকে আরও বিস্তৃত করা হয়েছে।
তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় নিখোঁজদের সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে বালিয়াকান্দি এলাকার রিপন নামের একজন শ্রমিকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার বোন মুক্তা টেলিফোনে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন যে, রিপন দুর্ঘটনার দিন ওই বাসে করে ঢাকা যাওয়ার কথা ছিল। তবে তিনি ওই নির্দিষ্ট বাসেরই যাত্রী ছিলেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা তৈরি করতে নদী তীরবর্তী এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে কোনো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। ফায়ার সার্ভিস স্পষ্ট করেছে যে, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ থাকার বিষয়টি নিয়ে কোনো সংশয় থাকবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম কোনোভাবেই বন্ধ করা হবে না। স্থানীয় জনমনে এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং নিখোঁজদের স্বজনরা নদীর তীরে ভিড় করে চরম উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন