মার্চ ২৭, ২০২৬, ১১:৩০ পিএম
বিগত সরকারের আমলে দেশের চিকিৎসা সেবা অনেক বেশি পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী জানান যে, বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতের উন্নয়নে সঠিক পদক্ষেপ না নেওয়ায় এবং সঠিক তদারকির অভাবে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা এবং ভবনের সামগ্রিক অবকাঠামো ঘুরে দেখেন। তিনি হাসপাতালের বর্তমান চিত্র দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও সেখানে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি থাকতে দেখা যায়।
শুক্রবার ছুটির দিনেও ৬৩ জন রোগী ভর্তি থাকায় অতিরিক্ত রোগীদের হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এই জনচাপ সামলাতে এবং সেবার মান বাড়াতে হাসপাতালটিকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।হাসপাতালের অব্যবস্থাপনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার অবস্থা অত্যন্ত শোচনীয়। ময়লা ও ব্যবহৃত চিকিৎসা সামগ্রী সংরক্ষণে আরও সুশৃঙ্খল হওয়া প্রয়োজন।
এছাড়া পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির তীব্র সংকটের বিষয়টিকে তিনি একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। দ্রুত সময়ের মধ্যে কনসালটেন্ট ও মেডিকেল অফিসার নিয়োগসহ প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সবশেষে ফরহাদ হোসেন আজাদ জানান যে, বর্তমান সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নদী ও খাল খননের পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে একটি বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে একজন নাগরিক দেশের যেকোনো প্রান্তে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারবেন। হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী ও জনবল সংকটসহ অন্যান্য ছোট-বড় সমস্যা নিয়ে ঢাকা গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন