মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

রাজধানীতে আগুনে পুড়ে নিহত ৫

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ০৪:২৫ পিএম

রাজধানীতে আগুনে পুড়ে নিহত ৫

রাজধানীর কদমতলী শিল্প এলাকায় একটি লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে লাগা এই আগুনে দগ্ধ ৫টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উদ্ধারকৃত মরদেহগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সেগুলো নারী না পুরুষের তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মরদেহের অবয়ব পুরোপুরি বিকৃত হয়ে যাওয়ায় শনাক্তকরণে জটিলতা তৈরি হয়েছে।

এর আগে আজ ৪ এপ্রিল শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কদমতলীর ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তের মধ্যেই দাহ্য পদার্থ থাকায় আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 

সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আরও চারটি ইউনিট সেখানে যুক্ত হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয়।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারখানার ভেতরে লাইটার তৈরির রাসায়নিক ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে। 

উদ্ধারকৃত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজধানীর এই জনাকীর্ণ শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনও কারখানার ভেতরে তল্লাশি চালিয়ে দেখছেন আর কোনো হতাহত আছে কি না। কদমতলীর এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ওই কারখানায় পর্যাপ্ত ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।