মো:শহিদুল ইসলাম
এপ্রিল ৭, ২০২৬, ০১:০৫ পিএম
নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান সংখ্যক ভোট লাভ করেছেন। এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ভাগাভাগির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচিত দুই সভাপতি হলেন হাসান রাব্বী প্রধান ও মঞ্জুরুল আলম সিয়াম।
তারা প্রত্যেকে এক বছর করে এই পদে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মিল্লাদুর রহমান মামুন।
নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে গত ৬ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বী প্রধান এবং মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম সমান ভোট পান।
পরে নির্বাচনী ফলাফল পর্যালোচনার পর উপস্থিত সাধারণ সদস্যদের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে এই দুই প্রার্থী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন জয়লাভ করেছেন। সোমবার রাতেই নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম। এ সময় উপস্থিত সাংবাদিকরা এই ব্যতিক্রমী কিন্তু সৌহার্দ্যপূর্ণ সিদ্ধান্তকে স্বাগত জানান।
সহ-সভাপতি পদে মোট চারজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন বাসসের ভুবন রায় নিখিল, চ্যানেল আইয়ের আনোয়ারুল আলম প্রধান, ইত্তেফাকের শীষ রহমান এবং সাপ্তাহিক নীল চোখের মোস্তাফিজুর রহমান সবুজ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দিনকালের নাসির উদ্দিন শাহ মিলন ও নিউজ ২৪-এর আব্দুর রশিদ শাহ। এছাড়া দপ্তর সম্পাদক পদে এমআর চৌধুরী রাজু, অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম শাহ এবং ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মীর মাহমুদুল হাসান আস্তাক, কাজী মাহবুবুল হক দোদুল, সাদেকুর রহমান শাহ স্কলার, বাপ্পী রহমান, বিএম খাজা নেওয়াজ, মুসফিকুর রহমান সৈকত ও আলী সাদ্দাম। পরিষদের মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও বাকি দুটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল বারী এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আরিফুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার জানান যে ৫২ জন ভোটারের মধ্যে মোট ৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এর মধ্যে সাতটি ভোট বাতিল বলে গণ্য করা হয়। সমান ভোট পেয়ে দায়িত্ব ভাগাভাগির এই ঘটনাটি নীলফামারী প্রেসক্লাবের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকরা। তাদের মতে এই সমঝোতা নীলফামারী জেলার সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করবে।